আর জি করের লিফটে দীর্ঘক্ষণ আটকে থেকে প্রাণ হারালেন এক ব্যক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে এক ঘণ্টা আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ভোর ৫টা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি বেসমেন্টে আটকে পড়ে। ছেলের চিকিৎসার জন্য এসে সপরিবারে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হন তিনি। দীর্ঘক্ষণ সাহায্যের জন্য চিৎকার করলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ পরিবারের।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উপস্থিত রোগীর পরিজনরা ট্রমা কেয়ারের মতো জরুরি বিভাগে লিফটম্যান না থাকা এবং পরিষেবার গাফিলতি নিয়ে সরব হয়েছেন। টালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

