আরএসএস শিবিরে যোগ দিয়েই চাকরি গেল! দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটক সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) পথ সঞ্চালনায় অংশ নেওয়ার অভিযোগে কর্নাটকে সাসপেন্ড করা হয়েছে দুই সরকারি স্কুল শিক্ষককে। ইয়াদগির জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘসেবকদের পোশাকে দুই শিক্ষকের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের দাবি, ছুটির দিনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তাঁরা, যা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তবে জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি কর্মচারীদের সার্ভিস রুলের একাধিক ধারা লঙ্ঘন করেছেন ওই দুই শিক্ষক।
কর্নাটকে আরএসএসের কার্যকলাপ নিয়ন্ত্রণ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে রাজ্যে আরএসএস নিষিদ্ধ করার জোরালো দাবি তুলেছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সরকারি সম্পত্তি বা স্কুল-কলেজের চত্বরে সংঘের শাখা ও রাজনৈতিক কার্যকলাপ বন্ধের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করা হয়েছে। শিক্ষকরা ব্যক্তিগত ছুটির দিনের এই অনুষ্ঠানকে সাংস্কৃতিক দাবি করলেও, প্রশাসনের কঠোর পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে সরকারি কর্মীদের ক্ষেত্রে সংঘের কর্মসূচিতে উপস্থিতি বরদাস্ত করবে না কংগ্রেস সরকার।
