আরজি কর কাণ্ডে বিরাট মোড়! মাত্র তিন সপ্তাহে তদন্ত শেষ করতে সিবিআইকে চরম নির্দেশ হাই কোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন তদন্তকারী দলকে কঠোর সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার দ্বিতীয় দফার তদন্ত সম্পূর্ণ করতে হবে সিবিআইকে। আদালতের রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় সংস্থাকর্তারা। নির্যাতিতার পরিবারের পেশ করা ৫৪টি পয়েন্টের মধ্যে সিবিআই ইতিমধ্যে ১৬টি বিষয় খতিয়ে দেখেছে বলে আদালতে জানিয়েছে। ঘটনার রাতে খাবার সরবরাহকারী ডেলিভারি বয় এবং সেই রাতে কর্মরত চার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চার সপ্তাহের সময় চাওয়া হলেও আদালত মাত্র তিন সপ্তাহ মঞ্জুর করেছে।
উল্লেখ্য, কলকাতা পুলিশের পর মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে এবং শিয়ালদহ আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে পুলিশের ও সিবিআইয়ের প্রাথমিক তদন্তে অসন্তুষ্ট হয়ে নির্যাতিতার পরিবার নতুন করে তদন্তের আর্জি জানালে আদালত সিবিআইকে নতুন সিট গঠনের নির্দেশ দেয়। এর আগে সিবিআইয়ের তদন্ত রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত জানিয়েছিল, পুরনো তদন্তের প্রভাব যেন নতুন তদন্তে না পড়ে। অপরাধের রাতে ঘটনাস্থল থেকে শ্মশানঘাট পর্যন্ত সম্পূর্ণ পথটির ঘটনা পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি ধার্য করা হয়েছে।
