আরজি কর মামলা: শুনানি থেকে সরলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বাড়ছে দীর্ঘসূত্রতার আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। বুধবার আদালত জানায়, বর্তমানে এই বেঞ্চ ফৌজদারি মামলার এক্তিয়ারভুক্ত না হওয়ায় তারা আর শুনানি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন না। ফলে মামলাটি পুনরায় নতুন বেঞ্চ গঠনের জন্য বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পাঠানো হয়েছে।
নিহত চিকিৎসকের পরিবার দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি জানালেও, বর্তমান আইনি জটিলতায় শুনানি বিলম্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য অন্য বেঞ্চে স্থানান্তর করাই বিধেয়। এই আকস্মিক পালাবদলে বিচারপ্রক্রিয়া ‘ঠাণ্ডাঘরে’ চলে যাওয়ার আশঙ্কায় বড়সড় ধাক্কা খেল অভয়ার পরিবার।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে নারী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। পুলিশি তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেও, ঘটনার নেপথ্যে আরও গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নিহতের বাবা-মা। কেন্দ্রীয় সংস্থার তদন্তে একাধিক ত্রুটির দাবি তুলে দ্রুত শুনানির যে আবেদন তারা করেছিলেন, বেঞ্চ পরিবর্তনের ফলে তা এখন অনিশ্চয়তার মুখে।

