লেটেস্ট নিউজ

আরজি কর মামলা: সিবিআই-এর তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের করা আবেদনের ভিত্তিতে সিবিআই-এর তদন্তের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল শিয়ালদহ আদালত। শুক্রবার শুনানির সময় বিচারক পর্যবেক্ষণ করেন যে, দীর্ঘ ১৫ মাস অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজের গতি অত্যন্ত শ্লথ। তদন্ত প্রক্রিয়ায় দ্রুততা আনার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিয়েছে আদালত।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত, কয়েকজন চিকিৎসক এবং রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়সহ একাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। পরিবারের আইনজীবীদের অভিযোগ, সিবিআই উচ্চ আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে তা বিভ্রান্তিকর। এছাড়া ১৫ ঘণ্টার সিসিটিভি ফুটেজ পাওয়ার জন্যও আদালতে সওয়াল করেন তাঁরা।

আদালত পরিবারের আবেদন সরাসরি গ্রহণ না করলেও সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারকের মতে, কাদের হেফাজতে নেওয়া প্রয়োজন সেই বিষয়টি সিবিআই-এর গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। অন্যদিকে, সিবিআই পালটা প্রশ্ন তুলেছে যে কোন সুনির্দিষ্ট ধারায় এদের গ্রেফতারের দাবি জানানো হচ্ছে, কারণ অনেককেই ইতিপূর্বে তদন্তের আওতায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *