আরজি করের দুই বছর! বিচার পেতে ১৯৫২ সালের স্পেশাল অ্যাক্টেই পুনর্তদন্তের ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা
এবেলা ডেস্কঃ
আজ আরজি করের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার দুই বছর পূর্ণ হলো। এই উপলক্ষে জলহাটিতে আয়োজিত স্মরণসভায় নিহত চিকিৎসকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নিহত চিকিৎসকের মায়ের আর্জিতে সাড়া দিয়ে ১৯৫২ সালের ‘স্পেশাল কমিশন অ্যাক্ট’-এর অধীনে পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি আরও স্পষ্ট করেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চললেও, রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়ে সুবিচার সুনিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি রাখা হবে না।
মহিলা নির্যাতন এবং অপরাধ দমনে রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পক্সো আইন বা ধর্ষণ মামলাগুলোতে পুলিশকে কোনো নির্দেশের জন্য অপেক্ষা না করে স্বাধীন ও কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে চিহ্নিত ১৮টি ঝুলে থাকা মামলায় ৬ জন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। এছাড়া তরুণ সমাজকে রক্ষা করতে অবৈধ মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে তিনি বলেন, অপরাধীদের দমনে ‘বারুইপুর মডেল’-এর মতো দৃষ্টান্তমূলক পদক্ষেপই রাজ্যজুড়ে বলবৎ রাখা হবে।
