আরাবুলকে প্রার্থী করায় ক্ষুব্ধ বামেরা, সংকটে আইএসএফ-সিপিএম জোট – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব আসনে প্রার্থী করায় চরম অস্বস্তিতে পড়েছে সিপিএম। দীর্ঘদিন ধরে যাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে বামেরা লড়াই চালিয়েছে, জোটের খাতিরে সেই আরাবুলকেই সমর্থন করা নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আলিমুদ্দিন স্ট্রিট কার্যত এক বড়সড় ধর্মসংকটের মুখে দাঁড়িয়েছে।
সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনোভাবেই আরাবুল ইসলামকে সমর্থন করা সম্ভব নয়। দলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে পালটা প্রার্থী দেওয়ার দাবি তোলা হয়েছে এবং প্রয়োজনে ওই আসনে আইএসএফ প্রার্থীকে বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু সিপিএম নয়, বামফ্রন্টের অন্যান্য শরিক দলগুলোও বিতর্কিত এই প্রার্থীর বিষয়ে তাদের আপত্তির কথা নেতৃত্বকে জানিয়ে দিয়েছে।
আইএসএফের একতরফা আসন ও প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন, যেখানে জোটের ভবিষ্যৎ ও বিতর্কিত আসনগুলোতে বামেদের অবস্থান নিয়ে বড় কোনো সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, আরাবুল ইস্যুকে কেন্দ্র করে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই আইএসএফ-বাম জোট বড়সড় ভাঙনের মুখে পড়তে পারে।

