আলুচাষিদের বাঁচাতে বিরাট ঘোষণা! অন্য রাজ্যে আলু পাঠালেই মিলবে মেটা ভর্তুকি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 28, 20269:19 am
কৃষক ও আলু ব্যবসায়ীদের হাত থেকে স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের হিমঘরগুলিতে প্রচুর পরিমাণে আলু মজুত থাকায়, তা রেলের মাধ্যমে অন্য রাজ্যে পাঠানোর জন্য পরিবহণ ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্য কৃষি বিপণন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলে অন্য রাজ্যে আলু পাঠালে প্রতি কুইন্টালে ১০০ টাকা করে পরিবহণ খরচ বহন করবে সরকার।
৩০ নভেম্বর পর্যন্ত মিলবে ভর্তুকি সরকারি বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৩ লক্ষ টন আলু ভিন রাজ্যে পাঠানোর ওপর এই আর্থিক সাহায্য দেওয়া হবে। বর্তমানে হিমঘরগুলিতে আলুর জোগান চাহিদা তুলনায় অনেক বেশি হওয়ায় পাইকারি বাজারে আলুর দর মিলছে না। ফলে চাষি এবং হিমঘরের আলু আমানতকারীরা বেশ লোকসানের মুখে পড়েছেন।
বাজারের বর্তমান পরিস্থিতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, জ্যোতি আলুর ৫০ কেজি বস্তার বন্ড বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০ টাকারও কম দামে। হিমঘরের ভাড়া ও আনুমানিক আনুষঙ্গিক খরচ মেটানোর পর কৃষকদের হাতে মাত্র কেজি প্রতি ৭-৮ টাকা পৌঁছাচ্ছে। ফলে উৎপাদন খরচই উঠছে না বহু কৃষকের।
হিমঘরের আলুর হিসাব বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে প্রায় ৪০ লক্ষ টন আলু গচ্ছিত রয়েছে। ব্যবসায়ী সংগঠনের মতে, আলু বের হওয়ার বর্তমান গতি বজায় থাকলে আগামী তিন মাসের বাজার এবং নতুন চাষের বীজের প্রয়োজন মেটানোর পরও অন্তত ১০ লক্ষ টন আলু উদ্বৃত্ত থেকে যাবে। তাই সরকারি খরচে ট্রেনের রেকে করে এই উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে পাঠাতে পারলে কিছুটা হলেও লোকসান সামলানো সম্ভব হবে।
তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, পশ্চিমবঙ্গ থেকে অধিকাংশ আলু ট্রাকে করে অন্যান্য রাজ্যে পাঠানো হয়। সরকারের এই ভর্তুকির সুবিধা যদি ট্রেন বা রেলের পাশাপাশি সড়কপথে (ট্রাক) আলুর পরিবহণেও দেওয়া হতো, তবে ব্যবসায়ীরা আরও বেশি উপকৃত হতেন।
