আসছে ইপিএফও ৩.০ এবার ইউপিআই দিয়ে মুহূর্তেই তোলা যাবে পিএফ-এর টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রভিডেন্ট ফান্ড বা পিএফ পরিষেবাকে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব করতে বড়সড় সংস্কারের পথে হাঁটছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)। শীঘ্রই চালু হতে চলা ‘EPFO 3.0’-এর মাধ্যমে সদস্য পরিষেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে। এই নতুন ব্যবস্থায় ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার সুবিধার পাশাপাশি থাকবে একটি অত্যাধুনিক সেন্ট্রালাইজড পোর্টাল। এর ফলে দেশের যেকোনো প্রান্তের অফিস থেকেই সদস্যরা তাঁদের সমস্যার সমাধান করতে পারবেন। এমনকি ভাষাগত বাধা দূর করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ‘ভাষিণী’ টুলের মাধ্যমে স্থানীয় ভাষায় যোগাযোগের সুবিধাও মিলবে।
নতুন এই সংস্কারে পিএফ অ্যাকাউন্ট পরিচালনা অনেকটা কোর ব্যাঙ্কিং ব্যবস্থার মতো সহজ হয়ে উঠবে। আগামী এপ্রিলের মধ্যেই ইউপিআই সুবিধা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যেখানে প্রাথমিক ধাপে ২৫ হাজার টাকা পর্যন্ত তোলা যেতে পারে। এ ছাড়া, এখন থেকে ব্যক্তিগত তথ্যে ছোটখাটো ভুল সংশোধনের জন্য আর নিয়োগকর্তার অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না; সদস্যরা নিজেরাই পোর্টালের মাধ্যমে নাম বা জন্মতারিখের মতো বিষয়গুলো আপডেট করতে পারবেন। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা বলয়ে আনাই এই আধুনিক ডিজিটাল পরিকাঠামোর মূল লক্ষ্য।

