আসন পুনর্বিন্যাস নিয়ে এবার সরাসরি রণংদেহী বিজয়, বিধানসভায় কী প্রস্তাব? – এবেলা

এবেলা ডেস্কঃ
লোকসভা আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল তামিলনাড়ু সরকার। বুধবার বিধানসভায় এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি সাফ জানিয়ে দেন, দক্ষিণ ভারতের অধিকার খর্ব করে নরেন্দ্র মোদি সরকারকে লোকসভার আসন বাড়াতে দেওয়া হবে না। প্রস্তাবিত এই পরিবর্তন কার্যকর হলে সংসদে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব মারাত্মকভাবে কমে যাবে, যা কোনোমতেই মেনে নেওয়া হবে না। রাজ্যগুলির জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যের জন্য দক্ষিণকে পুরস্কৃত করার বদলে শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
কেন্দ্রের কাছে মোট চারটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে বিজয় সরকার। প্রথমত, লোকসভার মোট আসনসংখ্যা স্থায়ীভাবে ৫৪৩ রাখতে হবে এবং বর্তমান অনুপাত বজায় রাখতে হবে। পাশাপাশি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে এই ৫৪৩টি আসনের ভিত্তিতেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। তামিলনাড়ুতে পুরুষদের তুলনায় নারীদের ভোটদানের হার বেশি থাকায় এই পদক্ষেপকে সামাজিক ন্যায়বিচারের লড়াই হিসেবে তুলে ধরেছে রাজ্য সরকার। আসন পুনর্বিন্যাসের জেরে দক্ষিণের রাজ্যগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে।
