আসানসোল আদালতে ফের আরডিএক্স বিস্ফোরণের হুমকি ইমেল, তীব্র আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
আসানসোল: ফের বড়সড় নাশকতার ছক আসানসোল আদালতে? বুধবার ফের জেলা জজের কাছে হুমকি ইমেল আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। ইমেলে দাবি করা হয়েছে, আদালত ভবনে রাখা আরডিএক্স আজই রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে।
মঙ্গলবারও একইভাবে মাওবাদী হামলার হুঁশিয়ারি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। গতকাল দীর্ঘ তল্লাশিতে কিছু না মিললেও, আজ পুনরায় একই হুমকি আসায় পুলিশি তৎপরতা তুঙ্গে। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত আদালত চত্বর খালি করে দেয় প্রশাসন।
ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। আইনজীবী থেকে বিচারক, সকলকেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পর পর দু’দিন এই ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ কমিশনারেট।

