ইউটিউবে সস্তার চক্করে পড়ে পথে বসলেন ব্যবসায়ী, হাওড়ায় এসে খোয়ালেন সর্বস্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:22 pm
হাওড়া: সস্তায় জামাকাপড় কেনার নেশাই কাল হলো মধ্যপ্রদেশের এক বস্ত্র ব্যবসায়ীর। ইউটিউব ভিডিও দেখে অফারের লোভে পড়ে হাওড়ায় এসে কয়েক হাজার টাকা খুইয়ে এখন দিশেহারা তিনি। এক নামী ইউটিউবারের পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়া ওই ব্যবসায়ীর অভিযোগে তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা বিজয় দুবে ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ায় কম দামে পোশাকের খোঁজ করতেন। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও দেখে তিনি হাওড়ার এক বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। সেই ভিডিওতে দেওয়া লোভনীয় অফার দেখে সরাসরি হাওড়ায় আসার সিদ্ধান্ত নেন বিজয়বাবু।
জবলপুর হামসফর এক্সপ্রেসে চড়ে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর পর হাওড়ার একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে ওই ইউটিউবারের সঙ্গে তাঁর দেখাও হয়। অভিযুক্ত ইউটিউবার তাঁকে নিজের বাইকে বসিয়ে হাওড়ার বিভিন্ন নামী বস্ত্র হাট ও দোকান ঘুরিয়ে দেখায়। এরপর পোশাক পছন্দ হলে বুকিং বাবদ নগদ ৫০ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ হিসেবে আরও ২ হাজার টাকা ওই ইউটিউবারের হাতে তুলে দেন ব্যবসায়ী।
টাকা পাওয়ার পরেই ভোলবদল হয় অভিযুক্তের। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনো মালপত্র বিজয়বাবুর ঠিকানায় পৌঁছায়নি। উল্টে ওই ইউটিউবারের মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।
হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইউটিউব চ্যানেলের তথ্য এবং ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। এই চক্রের পেছনে আরও বড় কেউ জড়িয়ে আছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখে যাচাই না করে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ।

