ইউপিআই কি আর ফ্রি নয়? জল্পনায় জল ঢেলে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের বড় স্বস্তি দিল PCI! – এবেলা

ইউপিআই কি আর ফ্রি নয়? জল্পনায় জল ঢেলে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের বড় স্বস্তি দিল PCI! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউপিআই (UPI) ব্যবহারে কি তবে এবার থেকে টাকা খসবে পকেট থেকে? সাম্প্রতিক বেশ কিছু জল্পনায় তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দেশের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তির খবর শোনাল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI)। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ছিল এবং ভবিষ্যতেও বিনামূল্যে থাকবে।

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় PCI জানিয়েছে, সম্প্রতি ইউপিআই লেনদেন ও ‘মার্চেন্ট সার্ভিস চার্জ’ নিয়ে যে আলোচনা চলছে, তার সাথে সাধারণ গ্রাহক বা ছোট দোকানদারদের কোনো সম্পর্ক নেই। মার্চেন্ট সার্ভিস চার্জ মূলত বড় ব্যবসায়ী এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যকার একটি বাণিজ্যিক চুক্তি। এর ফলে সাধারণ মানুষ বা দেশের ছোট ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত ফি চাপানো হচ্ছে না। ছোট দোকানদারদেরও ইউপিআই-এর মাধ্যমে টাকা গ্রহণে কোনো ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) দিতে হবে না।

PCI-এর বক্তব্য: “ইউপিআই পরিষেবা টিকিয়ে রাখতে বিপুল প্রযুক্তিগত পরিকাঠামো, সাইবার নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষার প্রয়োজন হয়। বর্তমানে ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলোই এই খরচ বহন করছে, যাতে ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই নিরাপদ পরিষেবা পান।”

জল্পনার সূত্রপাত কোথায়? সম্প্রতি লোকসভায় ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পাস হওয়ার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত হয়। এই বিলে সরকারকে ২,০০০ টাকার ওপরের বাণিজ্য সংক্রান্ত লেনদেনে ০.২৫% থেকে ০.৪% পর্যন্ত MDR আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে পেমেন্টস কাউন্সিল নিশ্চিত করেছে যে, সাধারণ মানুষের ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেনে এর কোনো প্রভাব পড়বে না এবং ভারতের ক্ষুদ্রতম ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেই এই সিস্টেম পরিচালনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *