ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইরান! জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে তোলপাড় বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
তেহরানসহ ইরানের বিভিন্ন প্রান্তে আমেরিকা ও ইজরায়েলের অতর্কিত হামলার প্রতিবাদে এবার আন্তর্জাতিক ফৌজদারি আদালতের দ্বারস্থ হলো ইরান। এই সামরিক অভিযানকে ‘বিনা প্ররোচনায় আগ্রাসন’ হিসেবে অভিহিত করে ১৬টি আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (IRCS)। তেহরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।
হামলার ভয়াবহতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আইআরসিএস প্রধান পীর-হুসেন কলিভান্দ। তাঁর দেওয়া তথ্যমতে, দেশজুড়ে প্রায় ৮১,৩৬৫টি বেসামরিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল এবং অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা। শুধুমাত্র রাজধানী তেহরানেই ২৪,৬০৫টি আবাসন ও বাণিজ্যিক ভবনসহ ৪৯৮টি স্কুল এবং ২৭৫টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এমনকি ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ এবং তিনটি রেড ক্রিসেন্ট হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের আন্তর্জাতিক বিষয়ক উপ-প্রধান রাজিয়া আলিশাওয়ান্দি জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা নিয়ে তাঁরা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। অন্যদিকে এই হামলার পাল্টা জবাব দিতে ইরানও ‘ব্যাপক প্রতিশোধমূলক হামলা’ শুরু করেছে। তেহরানের দাবি, ড্রোন ও মিসাইল ব্যবহার করে তারা ইজরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইরান স্পষ্ট জানিয়েছে যে চিকিৎসাকেন্দ্রে হামলা চালানো মানে কেবল ভবন ধ্বংস করা নয়, বরং মানুষের জীবন বাঁচানোর শেষ আশাটুকু কেড়ে নেওয়া। আন্তর্জাতিক মহলে এখন টানটান উত্তেজনা, কোন দিকে মোড় নেয় এই যুদ্ধংদেহী পরিস্থিতি।

