ইজরায়েলকে ইরানের চরম হুঁশিয়ারি, হামলা অব্যাহত থাকলে ‘শূন্য সংযম’ নীতির পথে তেহরান – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইজরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। সম্প্রতি পার্স গ্যাসকেন্দ্র ও বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এটি ছিল তাদের সামরিক শক্তির সামান্য অংশ বা ‘ট্রেলার’ মাত্র। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, ভবিষ্যতে তাদের কোনো পরিকাঠামো বা ঘাঁটিতে আঘাত হানা হলে তারা আর কোনো আন্তর্জাতিক অনুরোধ বা সংযম প্রদর্শন করবে না।
যুদ্ধের এই পাল্টাপাল্টি প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরুর পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখায় অপরিশোধিত তেল ও এলএনজির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম একলাফে অনেকটা বেড়ে গেছে। এদিকে ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রিফাইনারি ক্ষতিগ্রস্ত হওয়ায় রিয়াধও ক্ষোভ প্রকাশ করে সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান নির্দিষ্ট শর্ত আরোপ করেছে। বিদেশমন্ত্রী আরাগচি জানিয়েছেন, যুদ্ধ থামাতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে অবিলম্বে বেসামরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বন্ধ করতে হবে। তবে হরমুজ প্রণালীর অনিশ্চয়তা ও উপসাগরীয় দেশগুলোর জড়িয়ে পড়ার সম্ভাবনায় বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা চরম অস্থিরতার মুখে দাঁড়িয়েছে। তেহরানের সাফ কথা, তাদের স্থাপনায় পুনরায় আঘাত এলে এবার তারা কোনো সীমা মানবে না।

