ইডি-তৃণমূল মামলায় শুনানিতে নিয়ন্ত্রণ জারি করল আদালত, সম্প্রচারিত হবে হিয়ারিং-আদালত কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টে ইডি বনাম তৃণমূল মামলার শুনানিতে এবার কঠোর নিয়ন্ত্রণ জারি করল আদালত। বুধবার দুপুর আড়াইটেয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই হাইভোল্টেজ মামলার শুনানি হওয়ার কথা। বিশৃঙ্খলা এড়াতে রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে, সংশ্লিষ্ট মামলার আইনজীবী ছাড়া অন্য কোনো ব্যক্তি আদালত কক্ষে প্রবেশ করতে পারবেন না। গত সপ্তাহে আইপ্যাক কাণ্ডকে কেন্দ্র করে এজলাসের ভেতরে চরম হট্টগোল ও ভিড় তৈরি হওয়ায় শুনানি স্থগিত হয়ে গিয়েছিল, যা বিচারবিভাগীয় ইতিহাসে এক বিরল ঘটনা।
তবে স্বচ্ছতা বজায় রাখতে এই মামলার শুনানি সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী ব্যক্তিরা সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত হতে পারবেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আইপ্যাক ইস্যু নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উচ্চ আদালতের এই কড়াকড়ি এবং সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

