‘ইতিহাস বিকৃতির বিরুদ্ধে জবাব’! স্বাধীনতা ও বাংলা ভাগ নিয়ে মুখ খুললেন সুজন চক্রবর্তী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 28, 20269:25 am
কলকাতা: দাপুটে বাম রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত। এবার পুজোর মুখেই এক নতুন অবতারে আত্মপ্রকাশ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। প্রকাশিত হল তাঁর লেখা নতুন বই ‘দেশপ্রেমের খতিয়ান, স্বাধীনতা সংগ্রাম ও বাংলা ভাগ’।
বামেদের অভিযোগ, বাংলায় ৪৪ বছরের বাম শাসনের অবসান ঘটার পর থেকেই পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এমনকি ‘বাংলা দিবস’ নিয়ে যে প্রচার চালানো হচ্ছে, তাকেও বিভ্রান্তিকর বলে দাবি সিপিআইএম নেতৃত্বের। এমতাবস্থায় দেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলা ভাগের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কলম ধরলেন সুজন।
শনিবার কলেজ স্ট্রিটের এনবিএ (NBA) দপ্তরে সুজন চক্রবর্তীর এই বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রবীণ বাম নেতা বিমান বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। বই উন্মোচন করে বিমান বসু বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে কার কী ভূমিকা ছিল, তা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে।” অন্যদিকে মহম্মদ সেলিম বলেন, “তথ্যভিত্তিক এই বইটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ইতিহাস নির্ভর করেই রাজ্যের জন্ম হয়, যা বিকৃত করা যায় না।”
বইটির বিষয়ে লেখক সুজন চক্রবর্তী জানান, “জাত-ধর্ম নির্বিশেষে অগুনতি মানুষের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই গৌরবময় ইতিহাসকেই বিকৃত করার চেষ্টা চলছে, যার বিরুদ্ধে এই বইটি এক প্রতিবাদী নথি।”
