ইফতার পার্টিতে গিয়ে বিপাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরা! কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদ: ভোটের ডিউটিতে এসে স্থানীয় ইফতার পার্টিতে যোগ দেওয়াটাই কাল হলো সাত আধা সামরিক বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। অভিযুক্তদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকি পাঁচজনকে তড়িঘড়ি রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিমতিতা এলাকায়। অভিযোগ উঠেছে, রমজান চলাকালীন স্থানীয় এক পঞ্চায়েত প্রধানের স্বামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে শামিল হয়েছিলেন ওই জওয়ানেরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে কমিশন। যদিও অভিযুক্ত জওয়ানদের দাবি, অনুষ্ঠানটি বিএসএফ ক্যাম্পের ভেতরেই হয়েছিল এবং সেখানে স্থানীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটের কাজে মোতায়েন থাকা কোনো কর্মী বা জওয়ান স্থানীয়দের থেকে কোনো প্রকার আতিথেয়তা গ্রহণ করতে পারবেন না। নিরপেক্ষতা বজায় রাখতে এবং স্থানীয় প্রভাবমুক্ত থাকতে এই কড়া অবস্থান নিয়েছে কমিশন। বিভাগীয় তদন্তের পর আধাসামরিক বাহিনীর নিজস্ব আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

