ইমরান খানের পাত্তারি সাফ? খাইবার পাখতুনখোয়ায় জারি ইমার্জেন্সি, পাকিস্তানের রাজনীতিতে চরম তোলপাড়! – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটে গেল। দেশের একমাত্র পিটিআই শাসিত খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা ও রাজ্যপালের শাসন। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের (পিটিআই) ক্ষমতার শেষ চিহ্নটুকুও কার্যত মুছে গেল। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি সংবিধানের ২৩২ ও ২৩৪ নম্বর অনুচ্ছেদের আওতায় এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক জরুরি বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ এবং সাংবিধানিক শাসনব্যবস্থার অবনতিকে কারণ হিসেবে দেখানো হলেও, কেপি গভর্নর ফয়সাল করিম কুন্দি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই সমর্থকরা একটি বড়সড় ‘লং মার্চ’ শুরু করেছিল, যা ইসলামাবাদের দিকে অগ্রসর হচ্ছিল। সেই বিক্ষোভ প্রতিহত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তড়িঘড়ি এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পিটিআই প্রধান ব্যারিস্টার গোহর আলি খান সরকারের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং একটি বড় ভুল বলে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ অশান্ত সীমান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বদলে কেন্দ্র ও রাজ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। উল্লেখ্য, আফগানিস্তান সীমান্তঘেঁষা এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলটি দীর্ঘদিন ধরেই টিটিপি-র (তেহরিক-এ-তালিবান পাকিস্তান) ক্রমবর্ধমান হামলায় বিপর্যস্ত।
