ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, জাহাজ চলাচল ও আঞ্চলিক শান্তি নিয়ে আলোচনা – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনের শুরুতে তিনি প্রেসিডেন্টকে ইদ ও নওরোজের শুভেচ্ছা জানান এবং পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা কামনার পাশাপাশি গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহতকারী হামলার নিন্দা জানান।
সংক্ষিপ্ত এই আলোচনায় প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে ভারতমুখী জাহাজগুলোর নিরাপদ ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার অনুরোধ জানান। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা প্রদানে তেহরানের সহযোগিতার জন্য তিনি বিশেষ প্রশংসা করেন। বিগত ২২ দিনে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি দ্বিতীয় ফোনালাপ।
কূটনৈতিক এই তৎপরতার সুফল হিসেবে ইতিমধ্যেই জ্বালানিবাহী তিনটি ভারতীয় জাহাজ নিরাপদে দেশে ফিরেছে। রয়টার্সের সূত্রমতে, এলপিজি বোঝাই আরও দুটি ভারতীয় ট্যাঙ্কার বর্তমানে ওই ব্যস্ততম জলপথ অতিক্রম করছে। ভারত ও ইরানের এই পারস্পরিক সহযোগিতা দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

