লেটেস্ট নিউজ

ইরানি হামলায় উত্তাল হরমুজ প্রণালী ভারতগামী থাই জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা ও ভারতীয় নাবিকের মৃত্যুতে কড়া পদক্ষেপ নিল থাইল্যান্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের ক্রমাগত হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উত্তেজনা চরমে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের গুজরাটের কান্দলা বন্দর অভিমুখে আসা ‘ময়ূরী নারী’ নামক একটি থাই কার্গো জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার প্রতিবাদে এবার ইরানি রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ডের বিদেশ মন্ত্রক।

প্রায় ১৭৮ মিটার দীর্ঘ এবং ৩০ হাজার টন ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি প্রেসিয়াস শিপিং নামক সংস্থার মালিকানাধীন। হামলার পর ওমানের নৌবাহিনী উদ্ধারকাজ চালিয়ে ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে এই ধরনের সামরিক হামলা এবং নিরীহ ক্রুদের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত স্পষ্ট জানিয়েছে যে, নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা উচিত নয়।

উত্তেজনা আরও বাড়িয়েছে ‘সেফ-সি বিষ্ণু’ নামক একটি মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানি ড্রোন বোটের হামলা। ইরাকি জলসীমার কাছে আল জুবের বন্দরের অদূরে হওয়া এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। সংশ্লিষ্ট সংস্থাটি এই মর্মান্তিক মৃত্যুর খবর ভারত সরকারকে জানিয়েছে এবং এই হামলার কঠোর নিন্দা জানানোর আবেদন করেছে।

রিপোর্ট অনুযায়ী, গত ১১ মার্চ রাতে হরমুজ প্রণালী এলাকায় অন্তত পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের আবহে এ পর্যন্ত প্রায় ২০টি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে, যার অধিকাংশেই ভারতীয় নাবিকরা কর্মরত ছিলেন। এই ধারাবাহিক হামলায় এ পর্যন্ত মোট তিন জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, যা নয়াদিল্লির উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *