ইরানে তরুণ কুস্তিগীরসহ তিন আন্দোলনকারীর প্রকাশ্যে ফাঁসি: বিশ্বজুড়ে তীব্র নিন্দা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের কোম শহরে ১৯ বছর বয়সি উদীয়মান কুস্তিগীর সালেহ মোহাম্মদীসহ তিন সরকার-বিরোধী আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সে দেশের প্রশাসন। একটি ক্রেন থেকে ঝুলিয়ে প্রকাশ্যে তাঁদের ফাঁসি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। সালেহর সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই ব্যক্তি হলেন সইদ দাভোদি ও মেহদি ঘাসেমি। চলতি বছরের শুরুতে সরকার-বিরোধী বিক্ষোভ চলাকালীন দুই পুলিশকর্মীকে হত্যার অভিযোগে তাঁদের অভিযুক্ত করা হয়েছিল।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, সালেহ মোহাম্মদীকে ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এবং নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও ক্রীড়াজগত থেকে সালেহর প্রাণভিক্ষার আবেদন জানানো হলেও ইরান সরকার তাতে কর্ণপাত করেনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, কোনো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই অত্যন্ত দ্রুততার সাথে এই বিচারকার্য সম্পন্ন করা হয়েছে, যা স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
ইরানের মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করছে যে, জনগণের প্রতিবাদ দমাতে এবং সমাজে আতঙ্ক সৃষ্টি করতে সরকার আরও অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। রাজনৈতিক বিরোধিতা দমনের এই কঠোর পদক্ষেপকে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন আন্দোলনকারীরা। অ্যাথলিটদের লক্ষ্যবস্তু করে কণ্ঠরোধ করার এই প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো।

