ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ তীব্র, উত্তাল তেহরান সহ একাধিক শহর
ইরানে ফের সরকার-বিরোধী বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং বর্তমান মোল্লাতন্ত্রের পতনের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছেন। তেহরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীসহ সাধারণ জনতা ‘খুনি শাসকের মৃত্যু হোক’ স্লোগানে প্রকম্পিত করছেন রাজপথ। বিক্ষোভের অসংখ্য ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রতিবাদীদের হাতে জাতীয় পতাকা এবং মুখে সরকার-বিরোধী স্লোগান দেখা যাচ্ছে।
বিক্ষোভ দমনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ১৯৭৯ সালে শাহ রাজবংশের পতনের পর আয়াতোল্লা খোমেইনির হাত ধরে ইরানে মোল্লাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালে খোমেইনির মৃত্যুর পর সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলি খামেনেই। বর্তমানে তাঁর দীর্ঘকালীন শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ রাজপথে আছড়ে পড়ছে।
ইরানের বর্তমান অস্থিরতা দেশটির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি, স্বজনপোষণ এবং কণ্ঠরোধের অভিযোগে সাধারণ মানুষ এখন খামেনেই শাসনের অবসান চাইছে। ১৯৮১ সালের এক হামলায় ডান হাতের কর্মক্ষমতা হারানো খামেনেই এখন তাঁর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি। দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া এই গণবিক্ষোভ ইরান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

