লেটেস্ট নিউজ

ইরানের আলোচনা পদ্ধতিকে ‘অদ্ভুত’ বলে তোপ দাগলেন ট্রাম্প, দিলেন কড়া হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন ইরানের প্রতিনিধিদের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি তেহরানের কূটনীতিকদের ‘অদ্ভুত’ বলে অভিহিত করেন। ট্রাম্পের দাবি, সামরিকভাবে বিপর্যস্ত ইরান বর্তমানে আমেরিকার সাথে চুক্তি করার জন্য অনুনয়-বিনয় করছে, যদিও জনসমক্ষে তারা ভিন্ন অবস্থান দেখাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের মতে, যৌথবাহিনীর হামলায় ইরানের সামরিক পরিকাঠামো কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, তেহরানের দ্রুত গুরুত্ব সহকারে আলোচনায় বসা উচিত; অন্যথায় সময় পেরিয়ে গেলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে এবং ফেরার পথ বন্ধ হয়ে যাবে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, শর্তহীনভাবে চুক্তিতে না এলে ইরানের জন্য ভবিষ্যৎ সুখকর হবে না।

বর্তমানে দুই পক্ষের মধ্যে শর্ত আদান-প্রদান চলছে। আমেরিকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও হরমুজ প্রণালী উন্মুক্ত করার মতো ১৫ দফা প্রস্তাব দিলেও তা নাকচ করেছে তেহরান। পাল্টা ৫ দফা দাবি জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, যার মধ্যে হামলা বন্ধ ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ অন্যতম। এই টানাপড়েনের মধ্যেই ট্রাম্পের কঠোর মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *