ইরানের গোপন ক্ষেপণাস্ত্র হামলা, শঙ্কায় ভারত মহাসাগরীয় সামরিক ঘাঁটি – এবেলা
এবেলা ডেস্কঃ
গত ২১ মার্চ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে দুটি মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেহরানের দাবি অনুযায়ী, ৪,০০০ কিলোমিটার পাল্লার এই হামলা মার্কিন ‘বি-২ স্পিরিট’ বোমারু বিমান লক্ষ্য করে চালানো হয়। যদিও পশ্চিমী সংবাদমাধ্যম ও পেন্টাগন সূত্রে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হওয়া এবং অন্যটি ধ্বংস করার দাবি করা হয়েছে, তবে ইরানের এই গোপন সমরশক্তি প্রদর্শন বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা গোপন রাখার বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা রয়েছে। চিনের দাবি, ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৮,০০০ কিলোমিটার, যা আমেরিকার আলাস্কা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এছাড়া ভারত ও রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তি এবং পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
বিশেষজ্ঞদের মতে, ইরান, চীন, রাশিয়া ও ভারতের মতো দেশগুলো কৌশলগত কারণেই তাদের প্রকৃত অস্ত্রশক্তি আড়ালে রাখছে। দিয়েগো গার্সিয়ায় এই আকস্মিক হামলা প্রমাণ করে যে, অনেক দেশেরই প্রকৃত পাল্লা সরকারি বিবৃতির চেয়ে বহুগুণ বেশি হতে পারে। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এ ধরনের আরও অনেক ‘গোপন অস্ত্র’ বা অপ্রকাশিত সামরিক প্রযুক্তি জনসমক্ষে আসার প্রবল সম্ভাবনা দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

