ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর, তুঙ্গে যুদ্ধ উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সাথে চলমান যুদ্ধের আবহে নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক লাইভ সংবাদ সম্মেলনে বড় দাবি করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানান, ইজরায়েলি হামলায় ইরানের পরমাণু শক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। গত ২০ দিনের লড়াইয়ে তেহরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতাও বর্তমানে বিলুপ্ত বলে তিনি উল্লেখ করেন।
নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে, এই অভিযানে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সমন্বয় রেখেই লক্ষ্যপূরণ করা হচ্ছে। তাঁর মতে, ইরান এখন আর বিশ্বকে ব্ল্যাকমেল করার অবস্থায় নেই। ইজরায়েলি বাহিনীর ‘অল আউট অ্যাটাক’-এর ফলে ইরানের সামরিক কাঠামো এবং নেতৃত্ব কার্যত ভেঙে পড়েছে বলে প্রধানমন্ত্রী দাবি করেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হচ্ছে। সৌদি আরব ও কাতারের তেল খনিতে হামলার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা ও ইরানের গ্যাস ফিল্ডে ক্ষয়ক্ষতির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই রেকর্ড উল্লম্ফন বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

