ইরানের পারমাণবিক শক্তি পঙ্গু করার দাবি নেতানিয়াহুর, মার্কিন ভূমিকা নিয়ে বিতর্ক খারিজ – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা হারিয়েছে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, গত তিন সপ্তাহ ধরে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলার ফলে ইরানের সামরিক পরিকাঠামো এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা বড়সড় ধাক্কা খেয়েছে। নেতানিয়াহুর মতে, তেহরানের মিসাইল ও ড্রোন ভাণ্ডার এখন কার্যত ধ্বংসের মুখে।
আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনার অভিযোগও সপাটে খারিজ করেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা আমেরিকার স্বার্থেই সিদ্ধান্ত নেন এবং বর্তমানে দুই দেশ ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছে। তবে ট্রাম্পের অনুরোধে ইরানের ‘সাউথ পার্স’ গ্যাস ক্ষেত্রে আপাতত হামলা স্থগিত রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। এই অভিযানে ইজরায়েল এককভাবে অংশ নিয়েছিল বলেও তিনি দাবি করেন।
ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে নেতানিয়াহু জানান, সে দেশের শীর্ষ প্রশাসনে বর্তমানে প্রবল ফাটল ও টানাপড়েন দেখা দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আকাশপথের পাশাপাশি স্থল অভিযানের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। ইরানের বর্তমান শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সে দেশের সাধারণ মানুষের ওপরই নির্ভর করছে। সামগ্রিক পরিস্থিতিতে বিশ্ব এখন ট্রাম্পের দূরদর্শিতার কাছে ঋণী বলে মন্তব্য করেন তিনি।

