ইরানের বন্দিদশা থেকে মুক্ত ১০ ভারতীয় নাবিক, হরমুজ প্রণালীর চরম উত্তেজনার মাঝেই দিল্লির বড় কূটনৈতিক সাফল্য – এবেলা

ইরানের বন্দিদশা থেকে মুক্ত ১০ ভারতীয় নাবিক, হরমুজ প্রণালীর চরম উত্তেজনার মাঝেই দিল্লির বড় কূটনৈতিক সাফল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ১০ মাসের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের বন্দিদশা থেকে মুক্ত হলেন ১০ জন ভারতীয় নাবিক। ২০২৫ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের জাস্ক বন্দরের কাছ থেকে ‘হারবার ফনিক্স’ নামের একটি তেলবাহী জাহাজসহ এই ভারতীয় নাবিকদের গ্রেফতার করেছিল ইরান। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর গত ২৬ মে তাঁদের নিরাপদে মুক্তি দেওয়া হয়েছে বলে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ভারতের বিদেশ মন্ত্রক এবং তেহরানের ভারতীয় দূতাবাসের যৌথ ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় এই উদ্ধারকার্য সফল হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান চরম আন্তর্জাতিক উত্তেজনার আবহে কোনো শোরগোল না করে, আলোচনার টেবিলেই এই ১০ ভারতীয়কে মুক্ত করল নয়াদিল্লি। বর্তমানে তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাঁরা সবাই সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে জানা গেছে।

ডিজেল পাচারের অভিযোগ ও জাহাজ আটক

মুক্ত হওয়া নাবিকরা যে জাহাজে কর্মরত ছিলেন, সেটি পালাউ দেশের পতাকা লাগানো এবং দুবাইয়ের ‘হারবার ফিনিক্স’ কো ম্পা নির মালিকানাধীন একটি ৩২ বছরের পুরোনো তেলবাহী জাহাজ। এই জাহাজটি মূলত পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী জলপথে যাতায়াত করত। গত বছরের জুলাই মাসে এই জাহাজের মাধ্যমে জলপথে ডিজেল পাচার করা হচ্ছে, এমন গুরুতর অভিযোগে এটিকে আটক করে ইরানি প্রশাসন। যদিও ভারতের নৌপরিবহন দপ্তর এই আটকের কারণ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালীর সংকট ও বিশ্ব বাণিজ্যে প্রভাব

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল ইরানে আক্রমণ করার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এর পালটা পদক্ষেপ হিসেবে ইরান আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। বিশ্বের মোট উৎপাদিত তরল প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের পাঁচ ভাগের এক ভাগ এই গুরুত্বপূর্ণ রুট দিয়েই বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। ফলে ইরানের এই নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহে বড়সড় সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের এক বৈঠকে তীব্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলসীমা এবং এটি সবার জন্য খোলা থাকবে, কোনো নির্দিষ্ট দেশ এর ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে না। ওয়াশিংটনের এই হুঁশিয়ারি এবং হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে বিশ্বজুড়ে চলা শান্তি আলোচনার মধ্যেই ভারতের এই সফল কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *