ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ট্রাম্প! বিশ্বজুড়ে তোলপাড় করা চাঞ্চল্যকর দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও আমেরিকার চরম সংঘাতের আবহে এক বিস্ফোরক দাবি করে আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো অগ্নিকাণ্ড ঘটিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব নাকি তাঁকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিল! ট্রাম্পের কথায়, “ইরান আমাকে তাদের সর্বোচ্চ নেতা হওয়ার অনুরোধ করেছিল, কিন্তু আমি সরাসরি না বলে দিয়েছি।”
ট্রাম্পের এই দাবি ঘিরে ইতিমধ্য়েই বিশ্বজুড়ে হাসাহাসি ও বিতর্কের ঝড় উঠেছে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। তাঁর জায়গায় ছেলে মোজতবা খামেনেই দায়িত্ব নিলেও তিনি আহত অবস্থায় আত্মগোপন করে আছেন বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, আরব দুনিয়ায় আমেরিকার সামরিক অভিযানে তেহরান এখন কোণঠাসা এবং তারা গোপনে সমঝোতা করতে চাইছে। যদিও প্রকাশ্যে ইরানের সুর সম্পূর্ণ ভিন্ন। তেহরান উল্টে আমেরিকার সামনে পাঁচটি কঠিন শর্ত ছুড়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে সামরিক হামলা স্থায়ীভাবে বন্ধ করা, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার স্বীকার করে নেওয়া। ট্রাম্পের এই আজব দাবি আর ইরানের অনড় মনোভাব— সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

