ইশতেহারের আগেই তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ – এবেলা
এবেলা ডেস্কঃ
২৮ মার্চ বড় চাল অমিত শাহের
কলকাতা: ভোটের ময়দানে তৃণমূলকে কোণঠাসা করতে কৌশলে বড় বদল আনল বিজেপি। ইশতেহার প্রকাশের আগেই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের খতিয়ান নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির। আগামী ২৮ মার্চ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই চার্জশিট প্রকাশ করবেন বলে জানা গিয়েছে।
বিজেপির নতুন রণকৌশল
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগে ইশতেহার প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বদলে ফেলা হয়েছে। বিজেপি সূত্রের খবর, প্রথমে তৃণমূল সরকারের গত কয়েক বছরের ‘ব্যর্থতা’ ও দুর্নীতির খতিয়ান জনগণের সামনে তুলে ধরাই এখন প্রধান লক্ষ্য। এই চার্জশিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হচ্ছে।
বাড়ি বাড়ি পৌঁছাবে শাহের চার্জশিট
অমিত শাহ এই চার্জশিট প্রকাশ করার পর বিজেপির নিচুতলার কর্মীরা তা নিয়ে প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি যাবেন। মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে তৃণমূলের বিরুদ্ধে আনা বিজেপির এই অভিযোগনামা। এরপর এপ্রিলের শুরুতে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করবে, যেখানে তারা ক্ষমতায় এলে কী কী উন্নয়ন করবে তার বিস্তারিত রূপরেখা থাকবে।
তৃণমূল ইতিমধ্যে প্রার্থী তালিকা ও ইশতেহার ঘোষণা করে প্রচারে অনেকটা এগিয়ে থাকলেও, বিজেপির এই ‘চার্জশিট’ রাজনীতি ভোটের সমীকরণ কতটা বদলে দেয়, এখন সেটাই দেখার।

