ইসলামাবাদে হামলার ‘প্রতিশোধ’, আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হানা – এবেলা
এবেলা ডেস্কঃ
গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলার বদলা নিতে আফগানিস্তান সীমান্তে জোরালো সামরিক অভিযান চালাল পাকিস্তান। শনিবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাক সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী সাতটি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দাবি, এই অভিযানে চিহ্নিত সাতটি জঙ্গি আস্তানা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
পাক সরকারের অভিযোগ, এই ঘাঁটিগুলো ব্যবহার করে নিষিদ্ধ তালিবান গোষ্ঠী পাকিস্তানে ধারাবাহিক নাশকতার পরিকল্পনা করছিল। গত ৬ ফেব্রুয়ারির মসজিদে বিস্ফোরণ, যাতে ৩১ জনের মৃত্যু হয়েছিল, তার নেপথ্যেও এই সীমান্ত সংলগ্ন জঙ্গিদের হাত রয়েছে বলে দাবি ইসলামাবাদের। যদিও অতীতে এই ধরনের ঘটনার জন্য পাকিস্তান বারবার ভারতের দিকে আঙুল তুললেও নয়াদিল্লি সেই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করে আসছে।
অভিযান শেষে এক বিবৃতিতে পাকিস্তান জানায়, আঞ্চলিক শান্তি বজায় রাখতে তারা দায়বদ্ধ হলেও দেশের নিরাপত্তা রক্ষায় কোনো আপস করা হবে না। একইসঙ্গে আফগান তালিবান সরকারকে তাদের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য পুনরায় সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক মহলকে দোহা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তান এই সীমান্ত সংঘাতের দায়ভার সরাসরি জঙ্গি গোষ্ঠীর মদতদাতাদের ওপর চাপিয়েছে।

