উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি ড. পার্থ কর্মকার – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202612:25 pm
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্বে বড়সড় রদবদল আনল রাজ্য শিক্ষা দপ্তর। দীর্ঘদিনের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সহ-সচিব ড. পার্থ কর্মকার। আগামী ২ মার্চের মধ্যে তিনি নতুন পদের দায়িত্ব গ্রহণ করবেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে। চিরঞ্জীববাবু বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলাচ্ছেন।
নবনির্বাচিত সভাপতি ড. পার্থ কর্মকার গণিতে পিএইচডি এবং অ্যাপ্লায়েড ম্যাথামেটিক্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তাঁর দীর্ঘ প্রশাসনিক ও শিক্ষাগত অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বেথুন কলেজ ও বিধাননগর গভর্নমেন্ট কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের পাবলিক ইনস্ট্রাকশনের জয়েন্ট ডিরেক্টর হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।
চলতি বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই এই সাংগঠনিক পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সিলেবাস শেষ না হওয়া এবং বই প্রকাশে বিলম্বের মতো বেশ কিছু অভিযোগ উঠেছিল সংসদের বিরুদ্ধে। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই এই নতুন নিয়োগের ঘোষণা করা হল। ড. কর্মকারের হাত ধরে সংসদীয় কার্যক্রমে গতি আসবে বলে মনে করা হচ্ছে।

