উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস সংসদের
উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় পাঠ্যক্রম বহির্ভূত প্রশ্ন আসার অভিযোগে পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। শিক্ষকদের দাবি, অবকল সমীকরণসহ মোট তিনটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে, যা বাজারচলতি পাঠ্যবইয়েও অন্তর্ভুক্ত নয়। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, এই ধরনের প্রশ্নের সংখ্যা তিনটি নয়, বরং দুটি।
প্রশ্নপত্রের জটিলতা নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ আরও ব্যাপক। তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে এই ধরণের কঠিন ও অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দেওয়া প্রায় আসাম্ভব ছিল। অনেক শিক্ষার্থীই জানিয়েছেন যে, এই সমস্যার কারণে তাদের পরীক্ষা আশানুরূপ হয়নি এবং সম্পূর্ণ উত্তর শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল।
উদ্ভূত পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। সংসদ সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংসদ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন।

