উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে র্যাগিংয়ের অভিযোগ, সরাসরি ইউজিসিতে পড়ুয়া
উত্তর কলকাতার একটি সরকারি পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের এক ছাত্রকে র্যাগিং করার গুরুতর অভিযোগ উঠেছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই পড়ুয়ার দাবি, ক্লাস শুরু হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বেশ কয়েকজন ছাত্র তাঁকে ঘিরে ধরে শারীরিক ও মানসিক হেনস্তা করেন। তাঁকে জোরপূর্বক ওঠবোস ও পুশআপ করানো হয় এবং প্রতিবাদ করলে ভয়ংকর হুমকি দেওয়া হয়। আতঙ্কিত হয়ে ওই ছাত্র সরাসরি ইউজিসি-র অ্যান্টি-র্যাগিং হেল্পলাইনে অভিযোগ জানান।
ইউজিসি-র পক্ষ থেকে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমে জানানো হলে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কলেজের অধ্যক্ষ উত্তর কলকাতার কাশীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ নির্দিষ্টভাবে র্যাগিং বিরোধী আইন, হেনস্তা এবং হুমকির ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে শিক্ষা মহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগকারী ছাত্র নিজের পরিচয় গোপন রাখায় তাঁকে এবং অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

