উত্তরে প্রবল দুর্যোগের ‘লাল সতর্কতা’, ধসের শঙ্কা! গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি? – এবেলা
July 18, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: একদিকে প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা! আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার দুই চরম রূপ দেখা যাবে।
একনজরে উত্তরবঙ্গের পরিস্থিতি:
- চরম লাল সতর্কতা: আজ ও আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় হাওয়া অফিসের তরফ থেকে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে।
- কমলা সতর্কতা ও ধসের শঙ্কা: দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ রয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস এবং সমতলের নিচু এলাকাগুলিতে প্লাবনের জোরালো আশঙ্কা দেখা দিয়েছে। নদীর জলস্তর বইবে বিপদসীমার উপর দিয়ে।
- অন্যান্য জেলা: মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে উত্তরের বৃষ্টি কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গ ও কলকাতার হালচাল:
- কলকাতায় অস্বস্তি: আজ শনিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত প্যাঁচপ্যাঁচে গরম ও অস্বস্তি চরম মাত্রায় ভোগাবে শহরবাসীকে।
- আজ কোথায় বৃষ্টি? দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
- কবে ভিজবে দক্ষিণবঙ্গ? আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। ওইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কেন এই পরিস্থিতি? বর্তমানে উত্তর ওড়িশা, সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে। যদিও আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়বে। আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।
