উপনির্বাচনে জোড়া কেন্দ্রে প্রার্থী দিল বিজেপি, নন্দীগ্রামে প্রয়াত চন্দ্রনাথের মা-ই প্রধান বাজি – এবেলা

এবেলা ডেস্কঃ
September 15, 20262:38 pm
রাজ্যের দুই হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে টিকিট দিয়েছে পদ্মশিবির। অন্যদিকে, রেজিনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখারভ সরকার। বাম, কংগ্রেস এবং শাসকদল তৃণমূলের প্রার্থী ঘোষণার পর অবশেষে নিজেদের চাল চালল বিজেপি।
দলীয় সূত্রে খবর, নন্দীগ্রাম আসনে প্রার্থীপদের জন্য দলের অন্দরে একাধিক নাম নিয়ে জোর চর্চা চলছিল। মেঘনাদ পাল, প্রলয় পাল, অঞ্জন ভারতী এবং সাহেব দাসের মতো হেভিওয়েট নেতাদের নাম থাকলেও শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্ব আস্থা রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রয়াত প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথের পরিবারের ওপর। প্রার্থী মনোনীত হওয়ার পর হাসিরানি দেবী দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন হাসিরানি রথ। হলদিয়ার কদমতলা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে তিনি মনোনয়ন জমা দিতে যাবেন। এই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও রাজ্য ও পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। অন্যদিকে, রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারের দাবি, এলাকার মানুষ বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের স্বার্থেই বিজেপিকে সমর্থন করবেন।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ রথ রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। রাজ্য পুলিশ সিআইডি গঠন করে প্রাথমিক তদন্ত শুরু করলেও পরবর্তীতে মামলার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার পায় সিবিআই। সম্প্রতি সিবিআই এই হত্যাকাণ্ডে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। চন্দ্রনাথের মৃত্যুর পর শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে তাঁর পরিবারের পাশে থাকার এবং বিচার পাইয়ে দেওয়ার যে আশ্বাস দিয়েছিলেন, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রার্থী নির্বাচন তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
