উপমুখ্যমন্ত্রীর কনভয়ের বেপরোয়া গতি! মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রৌঢ়! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিপজ্জনক গতিতে ছুটে আসা উপমুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়র। জম্মু থেকে কিছুটা দূরে গাংগয়াল এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ভরত কাপের নামের ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি আদতে বিহারের বাসিন্দা হলেও কাশ্মীরে একটি দোকানে কাজ করতেন। শনিবার রাত ৯টা নাগাদ কাজ শেষ করে রাস্তা পার হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ই বিপরীত দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা কনভয়ের একটি স্করপিও গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে এবং পিষে দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক নিজেই গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন এবং গুরুতর আহত ভরতকে উদ্ধার করে গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং শুরু হয়েছে সুনির্দিষ্ট তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর কুমার চৌধুরী কনভয়ে উপস্থিত ছিলেন না। উপমুখ্যমন্ত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার পরেই খালি কনভয়টি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটায়। শহরের ব্যস্ত রাস্তায় রাতের অন্ধকারে গাড়ির অস্বাভাবিক গতি এবং দৃশ্যমানতা নিয়ে স্থানীয় মহলে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
