উপাচার্যের ঘরে মধ্যরাতে তাণ্ডব ও হেনস্তা! এসআরএফটিআই-এর আট আন্দোলনকারী পড়ুয়াকে কঠোর শোকজ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতাভিত্তিক সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) তাণ্ডব ও উপাচার্যকে শারীরিক হেনস্থার অভিযোগে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, সম্প্রতি সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য সন্তোষ আজমেরার দপ্তরে ইট বৃষ্টি, জানালা ভাঙচুর এবং জল ও এসির সংযোগ বিচ্ছিন্ন করার মতো মারাত্মক ঘটনা ঘটে। শুধু তাই নয়, দপ্তরের দেওয়ালে আপত্তিকর গ্রাফিতি লেখার পাশাপাশি নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হওয়া ও উপাচার্যকে ঘেরাও করে স্লোগান দেওয়ার সময় এক পড়ুয়া তাঁকে শারীরিক নিগ্রহ করেন বলেও অভিযোগ। সকালে দপ্তরজুড়ে ভাঙা কাচ ও ক্ষতিগ্রস্ত আসবাব ছড়িয়ে থাকতে দেখা যায়, যার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন বিভাগের প্রধানেরা।
এই চরম অনভিপ্রেত ঘটনার জেরে প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আটজন আন্দোলনকারী পড়ুয়াকে শোকজ নোটিস পাঠিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্য সন্তোষ আজমেরা স্পষ্টভাবে জানিয়েছেন যে, পড়ুয়াদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারকে সম্মান জানানো হলেও প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো রকম হিংসা, ভাঙচুর ও ব্যক্তিগত হেনস্তা বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কারণ কিছু পড়ুয়ার এই হিংসাত্মক আচরণের জন্য ক্যাম্পাসের স্বাভাবিক পঠনপাঠন ও প্রশাসনিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
