ঋতব্রতর বিরুদ্ধে তদন্তের নির্দেশ অমিত শাহের মন্ত্রকের! সমাজমাধ্যমে বিস্ফোরক কুণাল – এবেলা

এবেলা ডেস্কঃ
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার দায়ের করা অভিযোগের তদন্তে এবার হস্তক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই অভিযোগটি পুনরায় খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকার নেপথ্যে নিজের ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানান, অভিযোগের সমস্ত নথি যাচাইয়ের জন্য তিনি নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন। শুক্রবার সেই নির্দেশের প্রতিলিপি হাতে পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কুণাল।
ওই পোস্টে কুণাল ঘোষ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্য সরকার যেন কোনোভাবেই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা না করে। ওই মহিলার বর্তমান অবস্থা বা মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের দাবি তুলেছেন তিনি। যে আধিকারিকরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক। পাশাপাশি, বিরোধী দলনেতা নিজেকে আইনি চাপ থেকে বাঁচাতে দিল্লির নেতাদের দ্বারস্থ হতে পারেন বলেও তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
