লেটেস্ট নিউজ

এআই সম্মেলনে অব্যবস্থা ও চিনা রোবট বিতর্ক, ক্ষমা চাইল কেন্দ্র

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ চরম অব্যবস্থার জেরে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন হিসেবে দাবি করা হলেও, শুরুর দিন থেকেই ইন্টারনেট বিভ্রাট এবং ডিজিটাল পেমেন্ট সচল না থাকায় অতিথিদের ক্ষোভের মুখে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে দ্বিতীয় দিনে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ্যে ক্ষমা চাইলেও অব্যবস্থার চিত্র অপরিবর্তিত ছিল।

সম্মেলনের তৃতীয় দিনে নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের একটি দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিনা বাণিজ্যিক রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করায় হাসির রোল ওঠে। ৩৫০ কোটি টাকা গবেষণায় ব্যয়ের দাবি করলেও, আদতে সেটি ২ লক্ষ ৩০ হাজার টাকার একটি চিনা পণ্য বলে শনাক্ত হয়। এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বিতর্কের মুখে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আইটি সচিব এস কৃষ্ণন স্পষ্ট জানিয়েছেন যে, সম্মেলনে ভুয়ো তথ্য বা ভিনদেশি পণ্যকে নিজেদের বলে চালানো বরদাস্ত করা হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রচার বিভাগের ভুলের কথা স্বীকার করে সাফাই দেওয়া হলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের আগে এই জোড়া বিতর্ক আয়োজকদের বড়সড় লজ্জায় ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *