লেটেস্ট নিউজ

এআই সামিটে ৬৫ কোটি টাকা খরচ কেন্দ্রের, লোকসভায় জানাল মোদি সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর ব্যয়ভার নিয়ে লোকসভায় মুখ খুলল কেন্দ্রীয় সরকার। তৃণমূল সাংসদ মালা রায়ের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগন জানান, গত ১৬ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে সরকারের মোট ৬৫ কোটি টাকা খরচ হয়েছে। উল্লেখ্য, এই সম্মেলন চলাকালীন বিভিন্ন অব্যবস্থাপনা এবং সরঞ্জামের উৎস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

একই অধিবেশনে রেল ও কৃষি সংক্রান্ত একাধিক বিষয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ট্র্যাক রক্ষণাবেক্ষণে নিযুক্ত শ্রমিকদের মৃত্যুহার ২০১৩-১৪ সালের তুলনায় ৬৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং বর্তমানে মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। অন্যদিকে, বিজ্ঞাপন বাবদ খরচের হিসাব নিয়ে মহুয়া মৈত্রের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কয়েকটি সরকারি ওয়েবসাইটের তথ্য দিয়ে দায় সারে কেন্দ্র।

কৃষি বাজেট নিয়ে আলোচনার সময় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল মোদি সরকারকে ‘কৃষক বিরোধী’ বলে আক্রমণ করেন এবং সুন্দরবনের মধু প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। এর পাল্টা জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকার ‘প্রধানমন্ত্রী’ নামাঙ্কিত কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়নে বাধা দিচ্ছে। এই রাজনৈতিক বাদানুবাদে লোকসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *