‘এই ঘৃণা আমারই প্রাপ্য…’ ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চেয়ে অ্যাকাউন্ট ওড়ালেন কমেডিয়ান প্রণীত! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিনোদন ডেস্ক: ‘৩৭০ টাকার বিরিয়ানি’ ঘিরে তৈরি হওয়া চরম বিতর্কের মুখে পড়ে ফের একবার প্রকাশ্যে জোড়হাতে ক্ষমা চাইলেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণীত মোরে। তবে এবার শুধু ক্ষমাপ্রার্থনাই নয়, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নিষ্ক্রিয় (Deactivate) করে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, নেটিজেনদের কাছ থেকে যে তীব্র ক্ষোভ ও ঘৃণা তিনি পাচ্ছেন, তা সম্পূর্ণ তাঁর ‘প্রাপ্য’।
কয়েক দিন আগে একটি শো-এর ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। সেখানে হিমাংশু জাংরা নামে এক দর্শক জানান, তিনি ডেটে গিয়ে একটি মেয়েকে ৩৭০ টাকার চিকেন বিরিয়ানি খাইয়েছিলেন এবং সেই খরচের বিনিময়ে মেয়েটির কাছ থেকে যৌন সম্পর্ক আশা করেছিলেন। ওই যুবকের এমন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ না করে, উল্টে সেটিকে মজার ছলে হালকা করে দেখান কমেডিয়ান প্রণীত। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নারীর ‘সম্মতি’ (Consent) অবমাননার দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় প্রণীতকে। এমনকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও কড়া বার্তা দিয়ে বলেন, “বাক স্বাধীনতা আছে মানেই যা খুশি তাই বলা যায় না।”
চাপের মুখে পড়ে নতুন একটি বিবৃতি দিয়ে প্রণীত জানান, পুরো ঘটনার দায় একান্তই তাঁর। গত কয়েক দিনে মানুষের প্রতিক্রিয়া দেখার পর নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। কমেডিয়ানের কথায়, “পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে আমি ব্যর্থ হয়েছি। যেভাবে আমি রিয়্যাক্ট করেছি, তা ছিল আমার বিচারবুদ্ধির চরম ভুল (Lapse in judgment)।”
তিনি আরও যোগ করেন, “মানুষের রাগটা আমি বুঝতে পারছি। আমার আচরণের কারণে অনেকেই আঘাত পেয়েছেন। তাই আমার দিকে যে ক্ষোভ আর ঘৃণা ধেয়ে আসছে, তার অনেকটাই আমার প্রাপ্য।” আপাতত এই চরম বিতর্ক ও সমালোচনা থেকে দূরে থাকতেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছেন প্রণীত। একইসঙ্গে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
