এক ওষুধেই কি চিরতরে মুছে যাবে ম্যালেরিয়া? কলকাতা মেডিক্যালের শেষ পর্যায়ের ট্রায়ালে বিরাট সাফল্যের ইঙ্গিত! – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রতিবছর মশাবাহিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে ‘ভাইভ্যাক্স ম্যালেরিয়া’ চিকিৎসার পরও বহু রোগীর লিভারে জীবাণু সুপ্ত অবস্থায় থেকে যায়, যা পরবর্তীতে পুনরায় শরীরে রোগ সৃষ্টি করে বা ‘রিল্যাপ্স’ ঘটায়। এই সমস্যা দূর করতে বর্তমানে প্রচলিত ১৪ দিনের প্রাইমাকুইন কোর্সের পরিবর্তে মাত্র একটি ডোজে কার্যকর ‘ট্যাফেনোকুইন’ নামক নতুন ওষুধের ট্রায়াল চলছে। আইসিএমআর-এর নিয়ন্ত্রণে মুম্বই ও গুজরাতের পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে গত দুই বছর ধরে প্রবীণ চিকিৎসক প্রফেসর ডা: অরুণাংশু তালুকদারের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হচ্ছে।
বর্তমানে এই গবেষণার ট্রায়াল একদম শেষ পর্যায়ে রয়েছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক রোগীর কোটা পূরণ হতে চলেছে। তথ্য বিশ্লেষণের পর এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র মিললে এটি বাজারে বিক্রির বদলে সরকারি হাসপাতালে বিনামূল্যে সাধারণ রোগীদের প্রদান করার পরিকল্পনা রাখা হয়েছে। তবে সব রোগীর শরীরে এটি প্রয়োগের আগে একটি বিশেষ এনজাইম পরীক্ষা করা বাধ্যতামূলক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রজত বাসু সহ অভিজ্ঞ চিকিৎসকমহল এই বৈজ্ঞানিক উদ্যোগকে আশাব্যঞ্জক বলে মনে করলেও, এর সার্বিক নিরাপত্তা ও চুড়ান্ত কার্যকারিতা নিশ্চিত করতে ট্রায়ালের সম্পূর্ণ ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
