এক দিনে ৬০ কেজি সবজি ও ৪৫ কেজি চাল সাবাড় করে বিশ্বের এই বৃহত্তম পরিবার – এবেলা
এবেলা ডেস্কঃ
মিজোরামের পাহাড়ঘেরা বাটওয়ং গ্রামে বাস করে বিশ্বের অন্যতম বিশাল এই পরিবার, যার সদস্য সংখ্যা ১৮১ জন। পরিবারের প্রধান জিয়োনা চানা এবং তাঁর ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে এই বৃহৎ সংসারটি ১০০ কক্ষের একটি বাড়িতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসবাস করে। বর্তমানে আকাশছোঁয়া মূল্যস্ফীতির যুগে যৌথ পরিবারের ধারণা ম্লান হয়ে এলেও এই পরিবারটি দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি ও মিলনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো এই পরিবারের রান্নাঘরে প্রতিদিনের খাবারের আয়োজন শুনলে যে কেউ অবাক হতে বাধ্য।
বিশাল এই পরিবারের দৈনন্দিন খাবারের তালিকায় থাকে ৪৫ কেজি চাল, ২৫ কেজি ডাল, ৬০ কেজি সবজি এবং প্রায় ৪০টি মুরগি। জিয়োনার জ্যেষ্ঠ পত্নী ঘরের নারী প্রধান হিসেবে সবার কাজ ভাগ করে দেন, অন্যদিকে পুরুষরা চাষাবাদ ও ছুতারের কাজ করে জীবিকা নির্বাহ করেন। শৃঙ্খলাই এই পরিবারের মূল শক্তি, যার ফলে এত সদস্য হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো বিবাদ দেখা দেয় না। এমনকি স্থানীয় রাজনীতিতেও এই পরিবারের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তাদের একচেটিয়া ভোট যেকোনো প্রার্থীর জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা পালন করে।

