কলকাতা

এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম জানুন কলকাতার লেটেস্ট রেট

ফেব্রুয়ারির শুরুতেই ফের মধ্যবিত্তের পকেটে টান ফেলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়াল কেন্দ্র। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য প্রায় ৪৯ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে কলকাতায় এখন থেকে প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য গ্রাহকদের গুনতে হবে ১৮৪৪ টাকা ৫০ পয়সা। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই এই দাম বেড়েছিল ১১১ টাকা, যা টানা দুই মাস ধরে ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ বাড়াল।

বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও সাধারণ মানুষের স্বস্তি বজায় রেখে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৮৭৯ টাকায় স্থির রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনগুলির কথা মাথায় রেখেই সম্ভবত গৃহস্থের সিলিন্ডারের মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি। বিগত কয়েক মাস ধরে পেট্রোলিয়াম মন্ত্রক ঘরোয়া গ্যাসের দাম স্থিতিশীল রাখলেও বাণিজ্যিক গ্যাসের ক্রমবর্ধমান দাম পরোক্ষভাবে খাদ্যদ্রব্য ও অন্যান্য পরিষেবার মূল্যবৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *