এক ফ্রেমে রজনীকান্ত ও শাহরুখ খান, মার্চেই শুরু হচ্ছে জেলার ২ ছবির শুটিং – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকা রজনীকান্ত এবং শাহরুখ খানকে এবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। এই মেগা প্রজেক্টে দুই আইকনের উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই বিনোদন জগতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
শোনা যাচ্ছে, আগামী মার্চ মাসেই নিজের অংশের শুটিং শুরু করবেন শাহরুখ খান। সূত্রের দাবি, ছবির অধিকাংশ কাজ শেষ হলেও কেবল শাহরুখের দৃশ্যগুলোর শুটিং বাকি রয়েছে। প্রায় সাত থেকে আট দিন ধরে এই শুটিং চলবে এবং কিং খানের কাজ শেষ হলেই সিনেমার সম্পূর্ণ শুটিং পর্ব সমাপ্ত হবে। যদিও বিষয়টি নিয়ে দুই তারকাই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
এই ছবিতে শাহরুখ খান ছাড়াও মোহনলাল, শিবা রাজকুমার এবং জ্যাকি শ্রফের মতো তারকাদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিদ্যা বালানও এই ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিষেক করতে পারেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী আগেই এক সাক্ষাৎকারে এই ছবির বিশাল কাস্টিং নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। সব মিলিয়ে ‘জেলার ২’ ভারতীয় সিনেমার এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।

