লেটেস্ট নিউজ

একই ব্লক থেকে তিন প্রার্থী তৃণমূলের: কাঁথিতে তুঙ্গে আদি-নব্য দ্বন্দ্বের গুঞ্জন – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে কাঁথির দেশপ্রাণ ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের তিনজন হেভিওয়েট নেতাকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক চণ্ডীপুর থেকে, মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা দক্ষিণ কাঁথি এবং ব্লক সভাপতি দেবাশিস ভুঁইয়া উত্তর কাঁথি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই এলাকা থেকে তিনজনকে টিকিট দেওয়ায় স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলের অন্দরে চাপা ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। নিচুতলার কর্মী ও সমর্থকদের একাংশের অভিযোগ, নির্দিষ্ট একটি ব্লককে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অন্যান্য বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র ও দীর্ঘদিনের নিষ্ঠাবান সংগঠকদের বঞ্চনা করা হয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত উত্তর ও দক্ষিণ কাঁথি আসন পুনরুদ্ধারের লড়াইয়ে এই অভ্যন্তরীণ কোন্দল মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যদিও যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়ে সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা জানিয়েছেন, প্রার্থীর যোগ্যতা বিচার করেই শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রার্থীরাও ইতিমধ্যে কোমর বেঁধে প্রচারের ময়দানে নেমে পড়েছেন। তাঁদের দাবি, ব্যক্তিগত মান-অভিমান সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই এখন মূল লক্ষ্য। বর্তমানে দলীয় সংহতি বজায় রেখে আসনগুলি দখল করাই ঘাসফুল শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *