একঘেয়ে জলখাবারে আনুন টুইস্ট বিকেলের আড্ডায় জমে যাবে জিভে জল আনা এগ ললিপপ – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিম মানেই পুষ্টি আর স্বাদের দারুণ মেলবন্ধন। সাধারণ সেদ্ধ বা ভাজা ডিমের বদলে এবার বিকেলের জলখাবারে তৈরি করে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের ইন্দো-চাইনিজ পদ এগ ললিপপ। অতিথি আপ্যায়ন কিংবা বৃষ্টির সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে এই মুচমুচে পদটি ছোট-বড় সবার মন জয় করে নেবে। দেখে নিন সহজ এই রেসিপিটি।
উপকরণ
সেদ্ধ ডিম ৬-৭টি, ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কুচানো রসুন ও আদা ১ টেবিল চামচ করে, মিহি করে কাটা পেঁয়াজ ১ চা চামচ, ক্যাপসিকাম ২টি, চিলি সস ও সয়া সস ১ টেবিল চামচ করে, কুচানো কাঁচা লঙ্কা ১ চা চামচ, ধনে পাতা এবং প্রয়োজনমতো জল ও তেল।
প্রস্তুত প্রণালী
প্রথমে ডিমগুলি সেদ্ধ করে নিন। একটি বড় পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা এবং স্বাদমতো নুন দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। এবার সেদ্ধ করা ডিমগুলো এই ব্যাটারে ভালো করে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন।
একটি কড়াইতে তেল গরম করে ব্যাটারে ডোবানো ডিমগুলো অল্প আঁচে লালচে করে ভেজে তুলে নিন। অতিরিক্ত তেল শুষে নিতে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। এবার অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে কুচানো আদা ও রসুন দিয়ে এক মিনিট ভাজুন। এরপর পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করুন। সবশেষে ভাজা ডিম ও সস মিশিয়ে নামিয়ে নিন। ওপর থেকে ধনে পাতা ও লঙ্কা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মুখরোচক এগ ললিপপ।

