‘একজন দক্ষ অভিনেত্রীকে কোণঠাসা করা হয়েছিল!’ পর্দায় ফিরেই ক্ষোভ উগড়ে দিলেন পাপিয়া অধিকারী – এবেলা

‘একজন দক্ষ অভিনেত্রীকে কোণঠাসা করা হয়েছিল!’ পর্দায় ফিরেই ক্ষোভ উগড়ে দিলেন পাপিয়া অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব পাপিয়া অধিকারী। সোমনাথ সেন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘পাখির বাসা’ মুক্তির মুখে। তবে ছবি মুক্তির আগে টলিউডের অন্দরের এক তিক্ত সত্য ও রাজনৈতিক সমীকরণের শিকার হওয়া নিয়ে মুখ খুললেন এই দাপুটে অভিনেত্রী।

পোস্টার থেকে বাদ পড়া ও নন্দনে জায়গা না পাওয়ার ক্ষোভ অতীতে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পাপিয়া অধিকারী জানান, রাজনৈতিক পটপরিবর্তনের সময় তাঁকে ইচ্ছাকৃতভাবে বিনোদন জগৎ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেই সময় তাঁর অভিনীত ছবি মুক্তি পেলেও সিনেমার পোস্টার থেকে তাঁর ছবি বাদ দেওয়া হতো। এমনকি নন্দনের মতো সরকারি প্রেক্ষাগৃহ বা মাল্টিপ্লেক্সেও ছবি প্রদর্শনে বাধা দেওয়া হয়েছিল। তবে বর্তমানে ইন্ডাস্ট্রির পরিবেশ অনেকটাই ইতিবাচক বলে মনে করছেন তিনি।

মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প: ‘পাখির বাসা’ সোমনাথ সেনের পরিচালনায় ‘পাখির বাসা’ সিনেমাটির মূল উপজীব্য হলো একাকিত্ব, পারিবারিক অবহেলা এবং জীবনের শেষ পর্যায়ে এসে দুটি মানুষের মানসিক আশ্রয় খুঁজে পাওয়া। এক বৃদ্ধের পারিবারিক অবহেলা সহ্য করা এবং এক নিঃসঙ্গ বিধবার জীবন—এই দুই বিষণ্ন অধ্যায় কীভাবে নতুন এক সম্পর্কের আলোয় আলোকিত হয়, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।

ছবিটিতে পাপিয়া অধিকারী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, সান্ত্বনা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, অভিরাজদেব মন্ডল-কে।

“আমাকে কাজ করতে দেওয়া হয়নি…” বর্তমানে বিধায়ক হিসেবে এলাকার মানুষের কাজ ও শুটিং সামলানো প্রসঙ্গে অভিনেত্রী জানান, সময়ের অভাবে অনেক মূল চরিত্রের প্রস্তাবও তাঁকে ফিরিয়ে দিতে হচ্ছে। তবে অতীতের স্মৃতি মনে করে আক্ষেপের সুরে তিনি বলেন, “খারাপ লাগে এটাই যে, একজন দক্ষ অভিনেত্রীকে অযথা বসিয়ে রাখা হয়েছিল। যাঁরা আজ কাজের প্রস্তাব নিয়ে আসছেন, তাঁরা আগেও জানতেন আমি এই কাজটা নিখুঁতভাবে করতে পারি। কিন্তু তৎকালীন পরিস্থিতিতে ছবি মুক্তির ভয়ে কেউ সাহস পাননি।”

তবে সমস্ত বাধা পেরিয়ে আবারও দর্শকের ভালোবাসায় নিজের চেনা ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী পাপিয়া অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *