একরত্তির এক ফোটা দুধের জন্য জরুরি সিগন্যালে থামল দার্জিলিং মেল! রেলের অভাবনীয় মানবিকতা – এবেলা

এবেলা ডেস্কঃ
September 5, 202612:33 pm
উত্তরবঙ্গে ফরাক্কা বিপর্যয়ের জেরে রুটের ব্যাপক রদবদল ঘটেছিল দার্জিলিং মেলে। এতে বিপাকে পড়েন এ২ কামরার এক মহিলা যাত্রী। কিশানগঞ্জ থেকে ওঠার পর মালদহ থেকে ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়ায়, বাচ্চার জন্য পূর্বপরিকল্পিত দুধ সংগ্রহ করা তাঁর পক্ষে আসাম্ভব হয়ে পড়ে। খিদেতে একরত্তি শিশুর কান্না থামছিল না। পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশে থাকা মহিলার স্বামী দ্রুত ‘রেল মদত’ অ্যাপে আবেদন জানান। বার্তা পৌঁছায় শিয়ালদহের কমার্শিয়াল কন্ট্রোল বিভাগে, সেখান থেকে তৎকালীন ডিআরএম-এর কাছে।
ঘটনার গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ উদ্যোগী হয় ভারতীয় রেল। ব্যান্ডেল স্টেশনে যাত্রীকে খুঁজে না পাওয়ায়, পরবর্তী নৈহাটি স্টেশনে নির্ধারিত স্টপেজ না থাকা সত্ত্বেও দেওয়া হয় জরুরি সিগন্যাল। প্রায় আট ঘণ্টা দেরিতে চলা প্রিমিয়াম ট্রেনটিকে সেখানেই থামিয়ে দেন রেলকর্মীরা। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে ওই নারী যাত্রীর হাতে বাচ্চার জন্য পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় দুধের বোতল। অবশেষে দুধ পেয়ে শান্ত হয় শিশুটি। রেলের এই চরম তৎপরতা ও মানবিক পদক্ষেপে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই পরিবার।
